দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনে হেরে গেলেই জামায়াতে ইসলামী ‘পাগলামি’ শুরু করে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে তিনি বলেন, ‘এ ধরনের আচরণের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত। অন্যথায় জামায়াত দেশের জনগণের তোপের মুখে পড়বে।’
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে জরুরি তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, ‘গতকাল ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনকে কেন্দ্র করে ‘বটবাহিনী’র মাধ্যমে অপপ্রচার ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। নির্বাচনে হেরে গেলেই তারা এমন আচরণ করে।’
নদীভাঙন রোধে সরকারের পদক্ষেপ তুলে ধরে সংসদ সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, যেখানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা প্রয়োজন, সেখানে দ্রুত তা ফেলতে হবে। নদীভাঙন ঠেকাতে দ্রুত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা যেভাবে ডিও লেটারের মাধ্যমে বিষয়টি সরকারকে অবহিত করছি, সরকারও তাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।’
অনুষ্ঠানে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মাইনুল ইসলাম মামুন, যুবদল নেতা মামুন শিকদার, কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার এবং আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি জিন্নাত আলী সরদারসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
/অ